জলপাইগুড়ি, ১৬ ডিসেম্বর :
আলাদা রাজ্যের দাবিতে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির তরফে রেল লাইনের ধারে জমায়েত,রেল অবরোধের হুঁশিয়ারি। এদিন ভোর থেকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চারেরবাড়ি সংলগ্ন এলাকায় এবং ধূপগুড়ির আলতাগ্রাম স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে জমায়েত করে বিক্ষোভ দেখায় কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির সদস্যরা। কেএলওর সাথে দ্রুত শান্তি চুক্তির মাধ্যমে কামতাপুর এবং বৃহৎ কোচবিহার রাজ্য পুনর্গঠন, মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতি সহ একাধিক দাবিতে KSDC, KPP, AKRSU, KPPU, GCPA সহ আরো রাজবংশী, কামতাপুরী সংগঠনের সদস্যরা যৌথভাবে রেল অবরোধের ডাক দিয়েছিল। এদিন ভোর থেকেই রেললাইনের ধারে জমায়েত করেছে আন্দোলনকারীরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয় প্রচুর রেল পুলিশ। আন্দোলনকারীদের বক্তব্য, উত্তরবঙ্গের জন্য পৃথক রাজ্য গঠন, গ্রেটার কোচবিহার রাজ্যের পুনর্গঠন এবং কোচ রাজবংশী জনগোষ্ঠীর মাতৃভাষাকে জনজাতির মাতৃভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। সেই দাবিগুলির বাস্তবায়নের দাবিতেই এই রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে। যদিও এদিন আর রেল অবরোধ করা হয়নি। আগামী দিনে তাদের দাবি পূরণের জন্য ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

