শিলিগুড়ি ২ জুন
প্রতিদিন ৬-৮ ঘণ্টা বিদ্যুৎ নেই, বাড়ছে বিলও! ক্ষোভে ফেটে পড়ে বিদ্যুৎ দফতরে স্মারকলিপি হিন্দু সভ্য সমাজের|
শিলিগুড়িতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, পরিকাঠামোগত সমস্যা এবং ক্রমবর্ধমান বিদ্যুৎ বিলের প্রতিবাদে সরব হল হিন্দু সভ্য সমাজ। মঙ্গলবার রাধিকা ভবনস্থিত বিদ্যুৎ দফতরে একাধিক দাবিতে স্মারকলিপি জমা দেয় সংগঠনটি।
সংগঠনের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকছে। অঘোষিত লোডশেডিংয়ের ফলে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী ও ছাত্রছাত্রীরাও ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। অবিলম্বে এই পরিস্থিতির অবসান ঘটানোর দাবি জানানো হয়েছে।
এছাড়াও, পর্যাপ্ত সার্ভিস গাড়ি ও কর্মচারীর অভাবে গ্রাহকরা সময়মতো পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ ওঠে। বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা জানানো হলেও দ্রুত সমাধান মিলছে না, যার ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
স্মারকলিপিতে খোলা ও ঝুলন্ত বিদ্যুতের তারগুলি দ্রুত মেরামত করে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি ৪৬ নম্বর ওয়ার্ডে হেলে পড়া বিদ্যুতের খুঁটিগুলির সংস্কার এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আবেদন করা হয়েছে।
এদিন স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন হিন্দু সভ্য সমাজের সভাপতি মনোজ কুমার শর্মা, চেয়ারম্যান আদিত্য প্রসাদ সোনি, মহাসচিব নীরজ ভগত, উপ-সভাপতি সফল মাহাতো-সহ বহু কর্মী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটতে পারে তারা।

