বক্সিরহাট, ২২ মার্চ :
সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সীমান্ত নিরাপত্তায় জোর দিতে কোমর বেঁধে নামল কোচবিহার জেলা পুলিশ। রবিবার কোচবিহারের জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং নিজে অসম-পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
এদিন পুলিশ সুপার প্রথমে তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত বক্সিরহাট থানা পরিদর্শন করেন। সেখানে থানার আধিকারিকদের সঙ্গে নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। এরপর তিনি সরাসরি চলে যান অসম-বাংলা সীমান্তের গুরুত্বপূর্ণ নাকা পয়েন্টগুলোতে। জোরাই মোড় এবং ভাঙাপাকরি নাকা পয়েন্টে গিয়ে সেখানকার তল্লাশি অভিযান ও নজরদারি ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি।
সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক বা কোনো বহিরাগত লোক প্রবেশ করে নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের কড়া নির্দেশ দেন এসপি। ভোটের আগে এই ধরণের পরিদর্শন সাধারণ ভোটারদের মনে আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

