ডুয়ার্স , ২৪ জুলাই
ঘুরতে এসে নিখোঁজ হলো এক পর্যটক। ডুয়ার্সের মূর্তি নদীতে গিয়েছিলেন বলে অনুমান।সেই অনুযায়ী পর্যটকের খোঁজে মূর্তি নদীতে নামলো এনডিআরএফ। তবে সন্ধ্যা পর্যন্ত খোঁজ মিলেনি। ঘটনায় চাঞ্চল্য। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া মূর্তি নদী সংলগ্ন একটি বেসরকারি রিসোর্টের ঘটনা।নিখোঁজ পর্যটকের নাম রাজেশ কুমার(৩৮)। বিহারের সমস্তিপুর জেলার কেসো নিজামত এলাকার বাসিন্দা তিনি।
জানা গেছে, গত বুধবার সকালে বিহার থেকে ৬৭ জনের একটি দল আসে ঐ রিসোর্টে।এরপর ওই দিন রাতেই ওই পর্যটক বেশ কয়েকবার রিসোর্ট থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে।কিন্তু নিরাপত্তারক্ষী তাকে বের হতে বাধা দেয়। তবে সেই পর্যটক কোনোভাবে রিসোর্টের পিছন দিকের সিঁড়ি দিয়ে নেমে মূর্তি নদীর দিকে যায়। পরবর্তীতে রিসর্টের সিসিটিভি ক্যামেরায় যা দেখা যায় ধরা। তার পর থেকে ওই পর্যটকের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর রিসোর্টের তরফে খবর দেওয়া হয় মেটেলি থানায়।পুলিশের তরফেও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চলছে। এদিকে ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে রিসোর্টে আসেন নিখোঁজ পর্যটকের বাবা সত্য নারায়ণ সিং সহ ওই এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান রাজীব কুমার রয়।নিখোঁজের বাবা সত্য নারায়ণ সিং বলেন,”আমরা চাই দ্রুত ছেলেকে খুঁজে বের করা হোক।”

