কোচবিহার, ২৩ মার্চ :
ঈদের আনন্দঘন পরিবেশ হঠাৎই উত্তেজনায় পরিণত হল চার নম্বর বাজার চত্বরে। অভিযোগ, কোন এক ব্যাক্তিকে অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই একদল ব্যক্তি অনুষ্ঠানস্থলে এসে ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ঈদ উৎসব কমিটি ও স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, পরিকল্পিতভাবেই অনুষ্ঠানে অশান্তি সৃষ্টি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে অনুষ্ঠান চলাকালীন বচসা থেকে মারধরের ঘটনা ঘটে। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে একজন আহত হন। তাকে দ্রুত কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঈদ উৎসব কমিটির সদস্যদের দাবি, “আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান পরিচালনা করছিলাম। হঠাৎ কয়েকজন দুষ্কৃতি এসে অশান্তি সৃষ্টি করে। পরিকল্পিতভাবে অনুষ্ঠান ভণ্ডুল করার চেষ্টা হয়েছে।”
তারা আরও জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

