জলপাইগুড়ি
কর্তব্যরত সিভিকদের গালিগালাজ, দুই যুবককে আটক করলো পুলিশ।
জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস সংলগ্ন এলাকার ঘটনা।
জানা গেছে, প্রতিদিনের মতো জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ বড় পোস্ট অফিস চৌপথিতে ট্রাফিকের ডিউটি করছিলেন দুইজন সিভিক ভলান্টিয়ার। সেসময় সিগন্যালে লাল বাতি জ্বললেও হেলমেটহীন দুই বাইক আরোহী সিগন্যাল না মেনে যেতে থাকেন। সিগন্যালে লাল বাতি থাকার কারণে দুই সিভিক ভলান্টিয়ার বাইকটি থামাতে বলেন। কিন্তু সে সময় তারা সিভিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে সিগন্যাল না মেনে তিন নম্বর ঘুমটির দিকে এগিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ তাদের পিছু নিলেও দেখা পায়নি। এর কিছুক্ষণ বাদেই সেই দুই বাইক আরোহী আবার বড় পোস্ট অফিস চৌপথি এলাকায় আসে। সে সময় পুলিশ তাদের আটক করে। এরপর টেস্ট করে দেখা যায় ভরদুপুরেই নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালাচ্ছিল তারা। ঐ দুজন যুবক জলপাইগুড়ি ফার্মাসি কলেজের ছাত্র বলে জানা গেছে।
)

