জলপাইগুড়ি, ১০ জানুয়ারী :
স্বামী বিবেকানন্দের ১৬৪তম শুভ জন্মতিথি উপলক্ষে শনিবার জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে ভাবগম্ভীর পরিবেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই আশ্রম প্রাঙ্গণে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। দিনটির সূচনা হয় মঙ্গলারতির মাধ্যমে। এরপর বেদমন্ত্র পাঠ, বিশেষ পূজা, হোম ও পুষ্পাঞ্জলীর আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের আদর্শ ও বাণী স্মরণ করে আলোচনা সভা সহ আরও বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে দূরদূরান্ত থেকে বহু ভক্ত ও অনুগামী আশ্রমে উপস্থিত হন। তাঁদের মধ্যে ছিল উৎসাহ ও ভক্তির আবহ। দুপুরে উপস্থিত সকলের জন্য প্রসাদ বিতরণ করা হয়। স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে এই অনুষ্ঠান জলপাইগুড়িতে এক মহৎ ও পবিত্র পরিবেশের সৃষ্টি করে।

