কোচবিহার, ২৪ আগস্ট
বেতন বৃদ্ধি, কর্মীদের স্থায়ীকরণ, শূন্যপদে দ্রুত নিয়োগ-সহ একাধিক দাবিতে কোচবিহার জেলা আদালত চত্বরে দু’দিনব্যাপী ধর্মঘট কর্মসূচিতে সামিল হলেন অস্থায়ী কর্মীরা।
অস্থায়ী কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেতন সংক্রান্ত সমস্যা-সহ একাধিক দাবি নিয়ে কর্তৃপক্ষের কাছে জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাঁদের দাবি, কর্মী সংকটের কারণে একজন কর্মীকেই একাধিক কর্মীর দায়িত্ব সামলাতে হচ্ছে। ফলে কাজের চাপ যেমন বাড়ছে, তেমনই আদালতের স্বাভাবিক পরিষেবাতেও এর প্রভাব পড়ছে।
ধর্মঘটকারীদের দাবি, গোটা রাজ্যের বিভিন্ন আদালতে তিন হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। কোচবিহার জেলা আদালতেও প্রায় ১০১টি পদ শূন্য পড়ে রয়েছে বলে তাঁদের দাবি। তাঁদের প্রশ্ন, দীর্ঘদিন ধরে পদগুলি শূন্য থাকা সত্ত্বেও কেন দ্রুত নিয়োগ করা হচ্ছে না?
কর্মীদের আরও দাবি, অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে এবং দীর্ঘদিন ধরে কাজ করে আসা কর্মীদের স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে। তাঁদের অভিযোগ, বারবার দাবি জানিয়েও কোনও সুরাহা না মেলায় শেষ পর্যন্ত তাঁরা ধর্মঘটের পথে যেতে বাধ্য হয়েছেন।
ধর্মঘটকারীরা জানান, তাঁদের দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে সংগঠনের পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।
অন্যদিকে, এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন আইনজীবী শিবেন রায়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আদালতের কর্মীরা আন্দোলনে থাকলে জেলা আদালতের স্বাভাবিক কাজকর্ম ও পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।
এখন দেখার বিষয়, অস্থায়ী কর্মীদের এই একাধিক দাবি নিয়ে কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে। আপাতত দাবি আদায়ে দু’দিনের ধর্মঘটে অনড় রয়েছেন আন্দোলনকারীরা।

