আলিপুরদুয়ার, ১ জুন
কালচিনির বিধায়ক বিশাল লামা মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় উচ্ছ্বাসে মেতেছে গোটা কালচিনি। সোমবার শপথগ্রহণের খবর সামনে আসতেই গেরুয়া আবির উড়িয়ে, ঢোল-নাগাড়ার তালে রাস্তায় নেমে উদযাপনে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকরা। মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগ করে নিতে দেখা যায় তাঁদের। সকলের মুখেই ছিল চওড়া হাসি।
শুভেন্দু অধিকারী সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের পর সোমবার লোকভবনে নতুন করে ৩৫ জন মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এর ফলে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪০-এ। নতুন মন্ত্রিসভায় রয়েছেন ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। রাজ্যপাল আর. এন. রবি নবনিযুক্ত মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।
কালচিনি বিধানসভা কেন্দ্র থেকে টানা দু’বারের বিধায়ক বিশাল লামাকে নিয়ে দীর্ঘদিন ধরেই কর্মী-সমর্থকদের মধ্যে প্রত্যাশা ছিল যে তিনি মন্ত্রিসভায় স্থান পাবেন। অবশেষে সেই প্রত্যাশা পূরণ হয়েছে। সোমবার তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
বিশাল লামার মন্ত্রীত্বে কালচিনি এলাকার উন্নয়ন আরও গতি পাবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীরা। তাঁর শপথগ্রহণকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে।

