নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ২৯ এপ্রিল :
বেহাল অবস্থা কোচবিহার ভবানীগঞ্জ বাজারের। পেভার্স ব্লকের রাস্তা সংস্কারের পরেও নিত্যদিন ভোগান্তিতে পড়তে হচ্ছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষকে।
ভবানীগঞ্জ বাজারের পানপট্টি এবং সংলগ্ন সমস্ত এলাকাতেই রাস্তার অবস্থা বেহাল। জায়গায় জায়গায় রাস্তা ভেঙে জল-কাদা জমে আছে, যার জন্য লোকজনের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে। কখনো বা সাধারণ মানুষ, কখনো বা মালবাহী ভ্যান উল্টে যাচ্ছে। বাজারের বহুপুরোনো বিল্ডিংগুলোর পর্যাপ্ত সংস্কারের অভাবে প্রায়দিনই যখন তখন চাঙ্গর ভেঙে ভেঙে পড়ছে। এমতঅবস্থায় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলকেই একপ্রকার প্রাণের ঝুঁকি নিয়েই চলফেরা করতে হচ্ছে বাজার চত্বরে। রাস্তার এমন অবস্থার জন্য বহুমানুষ বাজারের ভেতরে না এসে বাইরের দোকান থেকেই কেনাকাটা করছে। এরফলে বাজারের ভেতরে থাকা ব্যবসায়ীদের চরম লোকসানের মুখে পড়তে হচ্ছে।
এদিন ক্রেতা জয়ন্তী সিংহ বলেন, রাস্তার এমন বেহাল অবস্থায় খুবই ভোগান্তি হচ্ছে। বর্ষার প্রকোপ না আসতেই এমন জায়গায় জায়গায় জল জমে আছে। পুরোপুরি বর্ষা আসলে অবস্থা আরও শোচনীয় হয়ে উঠবে।
ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী গৌরাঙ্গ পোদ্দার জানান, পেভার্স ব্লকের রাস্তা করে দেওয়ার পরেও সেগুলোর ঠিকঠাক সেটিং না হওয়ার ফলে রাস্তার থেকে সেগুলো উঠে যাচ্ছে। একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে এবং পর্যাপ্ত নালার ব্যবস্থা না থাকার ফলে জল জমেই থাকছে। পুরোনো বিল্ডিং থেকে যখন তখন সিমেন্টের চাঙ্গর খসে পড়ছে। মাঝেমধ্যেই বয়স্ক লোকেরা পিছলে পরে যাচ্ছে, তাদের ধরে ধরে তুলতে হচ্ছে। রাস্তার এমন দুর্দশার কারণে লোকজন বাজারের ভেতরে কম আসছে, এতে তাদের ব্যবসার চরম ক্ষতি হচ্ছে।
আরেক বৃদ্ধলোক দিলীপ পাল জানিয়েছেন, “আমাদের মতো মানুষের ওঠানামা যাতায়াতে এমন অসুবিধে। যদি আমরা পড়ে যাই তাহলে এর দায় কে নেবে? নেবে কেউ? পৌরপতি নেবে নাকি আমাদের কোনো সরকার নেবে? কেউই নেবে না। আমরা চাই আমাদের মতো লোক যাতে চলাফেরা করতে পারে এর সংস্কার হোক।”

