আলিপুরদুয়ার, ১৬ মার্চ :
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হলেন এলাকার মহিলারা। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার ঘাঘরা এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, ঘাঘরা এলাকার এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বর্ষার সময় কাদা ও জল জমে চলাচল করা আরও কঠিন হয়ে পড়ে। প্রতিদিন স্কুল পড়ুয়া, কর্মজীবী মানুষ এবং সাধারণ বাসিন্দাদের এই সড়ক দিয়েই যাতায়াত করতে হয়। কিন্তু বারবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত সড়কটি মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা। এদিন সকালে তারা রাস্তায় নেমে পথ অবরোধ করেন এবং দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান। অবরোধের জেরে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।
অবরোধে সামিল মহিলাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তারা রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য হয়েছেন।

