১৭.০৪২৫,কোচবিহার:
এবিভিপির ডি এম অফিস অভিযান ঘিরে উত্তাল পরিস্থিতি। সংগঠনের কার্যকর্তাদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ। আটক করা হয়েছে বেশ কয়েকজন এবিভিপি কর্মীকে।
উল্লেখ, রাজ্যের ২৬ হাজার শিক্ষকদের চাকরি বাতিলের ঘটনাকে ইসু করে বৃহস্পতিবার কোচবিহার ডি এম অফিস ঘেরাও এর ডাক দিয়েছিলো অখিল ভারত বিদ্যার্থী পরিষদ। সংগঠনের কার্যকর্তারা এদিন প্রথমে কোচবিহার রাসমেলা মাঠে জমায়েত করে। তারপর বেলা দুটো নাগাদ মিছিল করে কোচবিহার ডি এম অফিসের দিকে এগোতে থাকে তারা।
এদিকে যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আগে থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল কোচবিহার ডি এম অফিস চত্বর। মোতায়েন ছিল বিশাল পরিমান পুলিশ বাহিনী। করা হয়েছিল বাঁশের ব্যারিকেড। এছাড়াও রাখা ছিল জলকামান।
বেলা আড়াইটে নাগাদ কোচবিহার শহর পরিক্রমা করে এ বি ভি পির মিছিল এসে পৌঁছয় জেলাশাসকের দপ্তরের সামনে। মিছিলটি সেখানে পৌঁছতেও পুলিশের সাথে ধস্তাধস্তির পরিস্থিতি শুরু হয় সংগঠনের কার্যকর্তাদের। সেই সময় তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। দৌড়োতে শুরু করে সকলে। কেউ কেউ আবার ঝাঁপ দেয় সাগরদীঘির জলে। সেই সময় অখিল ভারত বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক দীপ্ত দে সহ বেশ কিছু সদস্যদের আটক করে পুলিশ। তবে এই ঘটনায় মোট কত জনকে আটক করা হয়েছে তা পুলিশের পক্ষ থেকে এখনো জানানো হয়নি।

