জলপাইগুড়ি, ৭ ডিসেম্বর :
জয়ন্তীপাড়ায় বহু পুরনো পুকুরের সংস্কার কাজে শিলান্যাস, ব্যয় ৫২ লক্ষ ৮৭ হাজার টাকা। জলপাইগুড়ি শহরের জয়ন্তীপাড়ায় হাইস্কুল ও সোনালী বালিকা বিদ্যালয়ের সংলগ্ন বহু পুরনো পুকুরটির অবশেষে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত সংস্কার ও সৌন্দর্যায়ন। মোট ৫২ লক্ষ ৮৭ হাজার টাকা ব্যয়ে এই কাজ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি পুরসভা। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্পটির শিলান্যাস হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন, দুটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্য কাউন্সিলররা। পুরসভার চেয়ারম্যান জানান, আমরুত ২.০ প্রকল্পের অধীনে পুকুর সংস্কারের ৬৭ শতাংশ অর্থ দিচ্ছে রাজ্য সরকার, বাকি অর্থ দেবে কেন্দ্র। তিনি বলেন, “আজ থেকেই কাজ শুরু হচ্ছে। প্রায় এক বছরের মধ্যেই পুকুরটির সম্পূর্ণ সৌন্দর্যায়ন শেষ হয়ে যাবে।” পরিকল্পনা অনুযায়ী, পুকুরের চারপাশে বোল্ডার পিচিং করে পাড় বাঁধাই, বসার জায়গা, আলো সহ অন্যান্য পরিকাঠামো তৈরি করা হবে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর জন্য এটি হয়ে উঠতে পারে একটি পরিচ্ছন্ন ও মনোরম বিনোদন কেন্দ্র। এদিন মাদকবিরোধী অভিযানের বিষয়েও কঠোর অবস্থান স্পষ্ট করেন চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তিনি জানান, “মাদককারবারে যুক্ত সন্দেহে ইতিমধ্যেই ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানুষকে সচেতন করতে আমরা নিয়মিত কর্মসূচি চালিয়ে যাচ্ছি।” স্থানীয় বাসিন্দাদের আশা, এই প্রকল্প বাস্তবায়নের ফলে পুকুরটি আবারও ফিরে পাবে তার পুরোনো ঐতিহ্য ও স্বচ্ছ সৌন্দর্য।

