নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি:
অবৈধ মদের কারবার রুখতে বড় সাফল্য পেল প্রশাসন। ধূপগুড়ি থানার অন্তর্গত লক্ষীকান্তপুর আপার লাইন, নিচ লাইন, উত্তর খোট্টিমারি এবং মধ্য খোট্টিমারি এলাকায় আজ আবগারি দপ্তর, পুলিশ ও সশস্ত্র সীমা বল (SSB)-এর যৌথ চিরুনি তল্লাশি অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে হঠাৎ হানা দিয়ে পুরো এলাকায় ব্যাপক তল্লাশি চালায় যৌথ বাহিনী।
অভিযানে প্রায় ৫০ লিটার অবৈধ চোলাই মদ এবং প্রায় ৪০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। পাশাপাশি মদ তৈরির কাজে ব্যবহৃত ১০টি বড় অ্যালুমিনিয়ামের হাঁড়ি ও অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করে ধ্বংস করা হয়েছে। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ মদের কারবার চলছিল বলে অভিযোগ ছিল, সেই ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।
অভিযান শেষে স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি সচেতনতা সভাও করা হয়। সেখানে চোলাই মদের মারাত্মক ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা হয় এবং এই ধরনের অবৈধ কারবার ও সেবন থেকে সম্পূর্ণ দূরে থাকার কড়া বার্তা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার শান্তি ও জনস্বাস্থ্যের স্বার্থে এই ধরনের অভিযান আগামী দিনেও আরও জোরদারভাবে চলবে।

