শিলিগুড়ি ,২২ জুলাই
শিলিগুড়ি পুরনিগমে পরিষেবা ভেঙে পড়ার অভিযোগ, দ্রুত নির্বাচন করে বোর্ড গঠনের দাবি সিপিআইএমের
শিলিগুড়ি পুরনিগমের একাধিক পরিষেবা কার্যত ভেঙে পড়েছে বলে অভিযোগ তুলে বুধবার সরব হল সিপিআইএমের দার্জিলিং জেলা নেতৃত্ব। এদিন শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে দলের পক্ষ থেকে পুরনিগমের বর্তমান প্রশাসনিক ব্যবস্থার তীব্র সমালোচনা করা হয় এবং অবিলম্বে পুরনিগম নির্বাচন করে নির্বাচিত বোর্ড গঠনের দাবি জানানো হয়।
সিপিআইএম নেতাদের অভিযোগ, শারদোৎসবের আর বেশি দেরি নেই। অথচ শহরের বহু রাস্তাঘাট বেহাল অবস্থায় রয়েছে। বর্ষার মধ্যেই বিভিন্ন এলাকায় নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, জল জমে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি নিয়মিত জঞ্জাল অপসারণ না হওয়ায় শহরের বিভিন্ন প্রান্তে আবর্জনা জমে রয়েছে বলেও দাবি করা হয়।
এছাড়াও, গত প্রায় দু’মাস ধরে ডিজিটাল জন্ম শংসাপত্র (Birth Certificate) ইস্যু না হওয়ায় বহু পরিবার সমস্যায় পড়েছেন বলেও অভিযোগ তোলে সিপিআইএম। তাদের দাবি, জন্ম শংসাপত্র না পাওয়ায় স্কুলে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণের ক্ষেত্রেও সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে।
সাংবাদিক বৈঠকে উপস্থিত সিপিআইএমের বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও তৎকালীন কো-অর্ডিনেটররা দাবি করেন, মাত্র দু’জন প্রশাসকের পক্ষে ৪২ বর্গকিলোমিটার এলাকার প্রায় ৮ লক্ষ মানুষের কাছে কার্যকরভাবে নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব নয়। তাই শহরের স্বার্থে অবিলম্বে পুরনিগম নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত বোর্ড গঠন করা হোক বলে দাবি জানায় সিপিআইএম।
উল্লেখ্য, এই সমস্ত অভিযোগ সিপিআইএমের পক্ষ থেকে তোলা হয়েছে। এ বিষয়ে শিলিগুড়ি পুরনিগম বা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

