মাথাভাঙ্গা ,৭ আগস্ট
সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য পেল মাথাভাঙ্গা থানার পুলিশ। বিশেষ অভিযানের মাধ্যমে উদ্ধার হওয়া মোট ৪৪টি মোবাইল ফোন এদিন প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া দেখা যায় মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিদের মধ্যে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে মোবাইল হারানো বা চুরির অভিযোগ পাওয়ার পর থেকেই বিশেষ অভিযান শুরু করে মাথাভাঙ্গা থানার পুলিশ। আধুনিক প্রযুক্তি ও ট্র্যাকিং ব্যবস্থার সাহায্যে বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোনগুলি উদ্ধার করা সম্ভব হয়। এরপর প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য যাচাই-বাছাই করে প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়।
দীর্ঘদিন পর নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত ও আনন্দিত হয়ে পড়েন অনেকেই। পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মোবাইল প্রাপকরা। তাঁদের বক্তব্য, হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু পুলিশের তৎপরতায় সেই আশা আবার বাস্তবে পরিণত হয়েছে।
এদিনের মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা থানার আইসি শুভজিত ঝা-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ কর্তাদের বক্তব্য, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে এই ধরনের অভিযান ভবিষ্যতেও একইভাবে চলবে।
এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে নজর কাড়েন পরিমল বর্মন। তিনি জানান, প্রায় তিন মাস আগে মাথাভাঙ্গায় চিকিৎসকের কাছে আসার সময় একসঙ্গে তাঁর দুটি মোবাইল ফোন হারিয়ে যায়। পরে থানায় অভিযোগ দায়ের করেন। অবশেষে পুলিশের প্রচেষ্টায় একসঙ্গেই নিজের দুটি মোবাইল ফিরে পেয়ে তিনি অত্যন্ত খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মাথাভাঙ্গা থানার পুলিশের প্রতি।

