জলপাইগুড়ি, ২০ ফেব্রুয়ারি :
বাড়ি থেকে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিস্তা নদীর ধার থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। মৃতের নাম দীলু মহম্মদ। তিনি জলপাইগুড়ি শহরের উত্তর সুকান্ত নগর এলাকার বাসিন্দা এবং পেশায় গ্যাস গোডাউনের ভ্যানচালক ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিবেকানন্দ পল্লী সংলগ্ন তিস্তা নদীর ধারে তাঁর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানা-র পুলিশ।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

