কোচবিহার , ১১ জুন
কোচবিহার স্টেশন চৌপতি সংলগ্ন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করল পূর্ত দপ্তর (পিডব্লিউডি)। সম্প্রতি পার্টি অফিসের গায়ে সরকারি নোটিশ টাঙিয়ে জানানো হয়েছে, আগামী ১৪ দিনের মধ্যে ওই বেআইনি নির্মাণ স্বেচ্ছায় সরিয়ে ফেলতে হবে। অন্যথায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল সরকারের আমলে কোচবিহার স্টেশন চৌপতির এই পার্টি অফিসটি জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের ঘনিষ্ঠ রাজনৈতিক কার্যালয় হিসেবেই পরিচিত ছিল। দীর্ঘদিন ধরে এখান থেকেই বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হতো। তবে রাজ্যে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর ধীরে ধীরে ওই কার্যালয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের আনাগোনা কমে যায়।
উল্লেখ্য, তৃণমূল জমানায় একাধিকবার অভিযোগ উঠেছিল যে পার্টি অফিসটি এবং তার সংলগ্ন কয়েকটি স্টল সরকারি জমিতে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। যদিও সেই সময় অভিযোগ নিয়ে বিশেষ কোনো পদক্ষেপ হয়নি বলে বিরোধীদের দাবি। অবশেষে পিডব্লিউডির নোটিশ জারির পর দীর্ঘদিনের সেই অভিযোগ কার্যত সরকারি স্বীকৃতি পেল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এখন নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

