মাথাভাঙ্গা , ১১ আগস্ট
পেশাগত কোচিং ছাড়াই অনলাইনকে ভরসা করে ছ’বছরের প্রস্তুতি। প্রথম বার পরীক্ষায় বসেই ইউপিএসসি-র ২০২৫ সালের CAPF (Assistant Commandant) পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ১৫০তম স্থান অধিকার করলেন শীতলকুচির বড় কৈমারি পঞ্চায়েতের প্রত্যন্ত রাঙামাটি গ্রামের জয়দীপ সরকার।৭ ই আগস্ট সন্ধ্যায় পরীক্ষার ফল প্রকাশের পরেই তাঁর সফলতার খবরটা জানতে পান। জয়দীপের এই সাফল্যকে ঘিরে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বাসের পরিবেশ এলাকায়। প্রস্তুতির জন্য কোনও পেশাদার কোচিং প্রতিষ্ঠানের সাহায্য নেননি। অনলাইন ক্লাস, বিভিন্ন ডিজিটাল শিক্ষামাধ্যম, বইপত্র এবং নিজের ইচ্ছাশক্তির জোরেই সফল।
ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে জয়দীপকে অনুপ্রেরণা জুগিয়েছেন মাথাভাঙার প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা এবং প্রাক্তন মহকুমা শাসক জিতিন যাদব। তাঁদের উৎসাহ ও পরামর্শ জয়দীপের প্রস্তুতির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে জানিয়েছে জয়দীপ।
প্রথম প্রচেষ্টাতেই জাতীয় স্তরে এমন সাফল্য প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের কাছেও নতুন বার্তা দিয়েছে। বড় শহরে গিয়ে পেশাদার কোচিং নেওয়ার সুযোগ না থাকলেও নিজের ইচ্ছাশক্তির কোনো কিছু করার সঠিক পরিকল্পনা সফলতা এনে দিতে পারে তারাই জ্বলজ্যান্ত উদাহরণ শীতলকুচির জয়দীপ।

