শিলিগুড়ি, ১৫ মার্চ :
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতদের নাম মোহাম্মদ সাদ্দাম ও রাজা মাহাতো। তারা শিলিগুড়ির ঝংকার মোড় এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, মালদার কালিয়াচক থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়িতে আসে দুই অভিযুক্ত। দার্জিলিং মোড়ে একটি বাস থেকে নেমে শহরের এক মাদক কারবারীর হাতে ওই মাদক তুলে দেওয়ার অপেক্ষায় ছিল তারা। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়।
ধৃতদের রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। তারা কোথা থেকে এই মাদক সংগ্রহ করেছিল এবং কার কাছে তা সরবরাহ করার পরিকল্পনা ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

