তুফানগঞ্জ, ১২ আগস্ট
তুফানগঞ্জ আদালতে হিপ্পিকে ডিম থেরাপি
প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে কোচবিহার জেলা প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিককে পুলিশ হেফাজতে নিল বক্সিরহাট থানার পুলিশ। পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে যখন আদালত থেকে বের হচ্ছিলেন, সেই সময় ক্ষোভের মুখে পড়েন ধৃত নেতা লক্ষ্য করে চলে ‘ডিম থেরাপি’।
জানা গিয়েছে বক্সিরহাট থানার ছোট লাউকুটি এলাকার বাসিন্দা দুলাল ভৌমিক গত ৩রা আগস্ট বক্সিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ২০২৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় তাঁর দুই আত্মীয়ের চাকরি দেওয়ার নাম করে ৩ লক্ষ টাকা দাবি করে একটি চক্র। এই চক্রের মূল পান্ডা ছিলেন প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
অভিযোগকারীর দাবি, চক্রটি ১ লক্ষ টাকা নগদ এবং দেড় লক্ষ টাকা Google Pay-র মাধ্যমে গ্রহণ করে। এই চক্রে সুবীর কুমার দেব এবং অভিজিৎ দে ভৌমিক সহ আরও বেশ কয়েকজন জড়িত বলে অভিযোগ।
এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিজিৎ দে ভৌমিককে গ্রেফতার করে। তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হলে, বিচারক দেবস্মিতা চক্রবর্তী সেই আবেদন মঞ্জুর করেন। আগামী ২২ আগস্ট তাঁকে পুনরায় আদালতে তোলা হবে।
আদালতের নির্দেশ মেলার পর, বক্সিরহাট থানার পুলিশ যখন তাঁকে হেফাজতে নিয়ে কোর্ট থেকে বের হচ্ছিলেন, তখনই তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোঁড়া হয়। এই ‘ডিম থেরাপি’ বা ডিম ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ায়। পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে ধৃতকে নিয়ে যায়।
সরকারি আইনজীবী আরও জানান, এই চক্রে আরও অনেকেই জড়িত রয়েছে এবং তাদের বিরুদ্ধে অর্গানাইজড ক্রাইমের (BNS ১১১ ধারা) অভিযোগ আনা হয়েছে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। পুলিশ এই চক্রের বাকি সদস্যদের ধরতে জোর তল্লাশি চালাচ্ছে।

