কোচবিহার, ১৯ আগস্ট: কোচবিহারে এক যুবকের রহস্যমৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম তাপস সরকার। মঙ্গলবার রাতে চকচকা গ্রাম পঞ্চায়েতের বরগিলা এলাকায় পুলিশ পেট্রোলিংয়ের সময় তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ উদ্ধারের পর তাপসকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তাঁকে খুন করা হয়ে থাকতে পারে।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঠাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তল্লীতলা এলাকায় তাপসের বাড়িতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় তিনি ছিলেন গাড়ির চালক। মঙ্গলবার রাতে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন তাপস। এরপর গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
রাত প্রায় তিনটে নাগাদ পরিবারের কাছে তাপসের মৃত্যুর খবর পৌঁছয়। জানা গিয়েছে, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি জায়গা থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। কী কারণে এবং কারা তাপসকে খুন করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

