শিলিগুড়ি, ২৫ আগস্ট
সোশ্যাল মিডিয়ায় করা মন্তব্য ঘিরে এবার রাস্তায় প্রতিবাদ। রাজবংশী-কামতাপুরী সম্প্রদায়ের মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য এবং ঐতিহাসিক কোচবিহারের রাজা-মহারাজাদের সম্পর্কে অপমানজনক মন্তব্যের অভিযোগে সরব হল বৃহত্তর রাজবংশী কামতাপুরী সমাজ। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে মঙ্গলবার শিলিগুড়িতে আয়োজিত হল প্রতিবাদ মিছিল।
সূর্য সেন পার্কের পেছন দিক থেকে শুরু হয় এদিনের মিছিল। হাতে প্ল্যাকার্ড ও বিভিন্ন স্লোগান নিয়ে শহরের একাধিক রাস্তা পরিক্রমা করেন সংগঠনের সদস্যরা। পরে মিছিল গিয়ে পৌঁছয় মহকুমা শাসকের দফতরে।
সেখানে সংগঠনের একটি প্রতিনিধিদল মহকুমা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেয়। তাঁদের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় রাজবংশী-কামতাপুরী সম্প্রদায়ের মহিলাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। পাশাপাশি কোচবিহারের ঐতিহাসিক রাজা-মহারাজাদের নিয়েও অসম্মানজনক মন্তব্য করা হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তাঁদের বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ও উসকানিমূলক মন্তব্য শুধু একটি সম্প্রদায়ের মানুষকে অপমান করে না, এর প্রভাব বৃহত্তর সমাজেও পড়তে পারে। এমন মন্তব্যের জেরে সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে বলে দাবি তাঁদের।
তাই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে দ্রুত পদক্ষেপের আর্জিও জানানো হয়।
শুধু শিলিগুড়ি নয়, একই দাবিতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও প্রতিবাদ কর্মসূচি চলছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর আন্দোলনকারীদের।

