রাজারহাট , ১৮ জুলাই
উত্তর ২৪ পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর এলাকার সুপারি বাগানে একটি ভাড়া বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণে একজন আহত হয়েছেন বলে স্থানীয়দের দাবি। ঘটনার পর বাড়ির মালিক জুলফিকারকে আটক করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ভাড়া বাড়িতে মহম্মদ সামিম নামে এক ব্যক্তি থাকতেন। অভিযোগ, তিনি স্থানীয় দুই নাবালকের হাতে একটি ব্যাগ দিয়ে সেটি ঘরে রেখে আসতে বলেন। নাবালকেরা ব্যাগটি ঘরে রেখে আসার কিছুক্ষণ পরেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, যার জেরে গোটা এলাকা কেঁপে ওঠে।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এলাকা ঘিরে তদন্ত শুরু হয়েছে। কী কারণে বিস্ফোরণ ঘটেছে এবং ব্যাগে কী ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
স্থানীয় বিধায়ক জ্যোতির্ময় রায় জানিয়েছেন, অভিযুক্ত মহম্মদ সামিমের বাড়ি কামারহাটি এলাকায়। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে। অভিযুক্তের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে।

