জলপাইগুড়ি, ২৬ আগস্ট:
একটি টোটো চুরির তদন্ত করতে গিয়েই বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ। তদন্তে নেমে উদ্ধার হল চারটি চুরি যাওয়া টোটো এবং দুটি মোটরবাইক। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টোটো চুরির ঘটনায় এর আগে একজনকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করেই তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে পুলিশের। সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ। এরপরই একে একে উদ্ধার করা হয় চারটি টোটো এবং দুটি মোটরবাইক।
ধৃতদের মধ্যে রয়েছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার যাদবপল্লির বাসিন্দা সুদীপ্ত দে ওরফে বুবাই (৩২)। এছাড়াও কোচবিহার জেলার ঘোকসাডাঙা থানার লাফাবাড়ির আবু বক্কর সিদ্দিকী এবং একই থানার বলবাড়ি লটাপোটা এলাকার সামসুল মিঞাকে গ্রেফতার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া টোটো ও মোটরবাইকগুলি কোথা থেকে এবং কীভাবে চুরি করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।
ধৃত তিনজনকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এই অভিযানে চুরি যাওয়া আরও গাড়ির সন্ধান মিলতে পারে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।

