আলিপুরদুয়ার, ১১ জানুয়ারী :
অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে, ফালাকাটা পঞ্চায়েত সমিতির পরিচালনায় এবং ফালাকাটা ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় শুরু হল ৩৭তম ফালাকাটা ব্লক ভাওইয়া সংগীত প্রতিযোগিতা। রবিবার ফালাকাটা কমিউনিটি হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সূচনা হয়।
এদিনের প্রতিযোগিতায় চটকা ও দরিয়া—এই দুই বিভাগে মোট ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোকসংগীত ভাওইয়াকে ঘিরে প্রতিযোগীদের কণ্ঠে ও পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। দর্শক ও সংগীতপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজক সূত্রে জানা গিয়েছে, প্রতিটি বিভাগের সফল প্রতিযোগীরা আগামী দিনে রাজ্য স্তরের ভাওইয়া সংগীত প্রতিযোগিতায় জেলার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের সুযোগ পাবেন। এই প্রতিযোগিতার মাধ্যমে লোকসংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা ও নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহ দেওয়াই মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা, জনপ্রতিনিধি ও সংস্কৃতিপ্রেমী বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা সকলেই এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে লোকসংগীতকে আরও জনপ্রিয় করে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

