কোচবিহার, ২৫ আগস্ট
মেচপাড়া চা বাগানে হাতির তাণ্ডব, তছনছ শ্রমিকের বাড়ি,ক্ষোভে বনকর্মীদের ঘিরে ধরলেন বাসিন্দারা, ক্ষতিপূরণের দাবিতে সরব পরিবার* আলিপুরদুয়ার জেলার মেচপাড়া চা বাগানে ফের হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল শ্রমিক মহল্লায়। গতকাল গভীর রাতে জঙ্গলের দিক থেকে একটি হাতি আচমকাই চা বাগানের শ্রমিক এলাকায় ঢুকে পড়ে। এরপর সরস্বতী গোয়ালার বাড়িতে হানা দিয়ে ব্যাপক তাণ্ডব চালায় হাতিটি। মুহূর্তের মধ্যে ভেঙে তছনছ করে দেয় বাড়ির একাধিক অংশ। নষ্ট হয়ে যায় খাট, আসবাবপত্র-সহ ঘরের প্রয়োজনীয় সামগ্রী। হঠাৎ হাতির হামলায় কার্যত সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা ওই শ্রমিক পরিবার।
সরস্বতী গোয়ালা জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় টাকা পেয়ে তিনি নতুন করে বাড়ি তৈরি করেছিলেন। কিন্তু সেই বাড়িই রাতের অন্ধকারে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বামী কাজের সন্ধানে ভিনরাজ্যে রয়েছেন। তিনি নিজে চা বাগানে কাজ করে দুই ছোট সন্তানকে নিয়ে সংসার চালান। সরস্বতীর কথায়, ঘটনার সময় তাঁরা বাড়িতে ছিলেন না। বাড়িতে থাকলে প্রাণে বাঁচা কঠিন হয়ে যেত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বর্তমানে মাথা গোঁজার ঠাঁই কোথায় হবে, তা নিয়েই চরম দুশ্চিন্তায় পরিবারটি। প্রশাসনের কাছে দ্রুত সাহায্য ও ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন তিনি।
ঘটনার খবর পেয়ে বক্সা বনদপ্তরের কর্মীরা এলাকায় পৌঁছালে তাঁদের ঘিরে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বারবার হাতির হানায় আতঙ্কে দিন কাটছে। হাতির গতিবিধি রুখতে রাতে দ্রুত পদক্ষেপের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

