আলিপুরদুয়ার, ২২ মে :
কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চেংমারি গ্রামে তাণ্ডব চালায় একদল বুনো হাতি। হাতির দলের তাণ্ডবে এলাকার বাসিন্দা রীনা দাসের ৫ মন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীররাতে ঘোড়ামারা বিটের জঙ্গল থেকে বের হয়ে দক্ষিণ চেংমারিতে ঢোকে একদল বুনো হাতি। হাতির দলটি আচমকাই রীনা দাসের বাড়িতে ঢোকে। বাড়ির ঘরের বেড়া ভেঙে ঘরে মজুত রাখা ৫ বস্তা ধান নষ্ট করে হাতি গুলি। প্রায় ঘণ্টা দুয়েক পর হাতি গুলি ওই বাড়ি থেকে চলে যায়। এই ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দা রীনা দাস ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন। হাতির হামলার ঘটনার খবর পেয়ে শুক্রবার ওই বাড়িতে আসেন বন বিভাগের কর্মীরা। তারা ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের তরফে সঠিকভাবে নজরদারি চালানো হয় না। যার ফলে এই এলাকায় হাতির উপদ্রব বেড়েছে। হাতির হামলা রুখতে এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।

