দিনহাটা, ৫ সেপ্টেম্বর
মেরামতের কাজ চলছিল সরকারি বাসে। আচমকাই ধোঁয়া ও আগুন দেখতে পান কর্মীরা। শনিবার বিকেলে দিনহাটার কৃষি মেলা এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (NBSTC) ডিপোয় একটি সরকারি বাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, NBSTC-এর দিনহাটা ডিপোর একটি বাস কালিয়াগঞ্জ থেকে ফিরে ডিপোয় ঢোকে। এরপর বাসটির মেরামতের কাজ চলছিল। সেই সময় আচমকাই বাসের ভিতরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই বিষয়টি নজরে আসে ডিপোর কর্মীদের।
আগুন দেখতে পেয়েই দমকল বিভাগে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দিনহাটা দমকল বাহিনী। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন অন্যত্র ছড়িয়ে পড়েনি বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে সেটিই আগুন লাগার আসল কারণ কি না, তা এখনও নিশ্চিত নয়। বাসে মেরামতের কাজ চলাকালীন ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
মেরামতের সময়ই কেন আচমকা আগুন? বৈদ্যুতিক গোলযোগই কি এর নেপথ্যে, নাকি রয়েছে অন্য কোনও কারণ? আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
#Dinhata #NBSTC #BusFire #CoochBehar #FireIncident

