কোচবিহার, ৬ সেপ্টেম্বর : তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং ফুটবলের প্রতি আগ্রহ আরও বাড়ানোর লক্ষ্যে কোচবিহার শহরে শুরু হল দেবীবাড়ি সিনিয়র ফুটবল লিগ ২০২৬। রবিবার দেবীবাড়ি মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবারের ফুটবল লিগ।
লিগের সূচনার আগে দেবীবাড়ি মাঠ সংলগ্ন শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। পাশাপাশি কোচবিহারের মহারাজা বিশ্ব সিংহের মূর্তিতে মাল্যদান করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন উদ্যোক্তারা।
প্রথম দিনের ম্যাচেই ছিল টানটান উত্তেজনা। মুখোমুখি হয় কোচবিহার হেরিটেজ ও কোচবিহার সুপার কিংস। দু’দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত ম্যাচের ফল দাঁড়ায় ১-১।

কোচবিহার সুপার কিংসের হয়ে গোল করেন জয় রাউত। পাল্টা কোচবিহার হেরিটেজের হয়ে গোল করে দলকে সমতায় ফেরান অনিল মাহাতো। শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
এবারের দেবীবাড়ি সিনিয়র ফুটবল লিগে মোট ছ’টি দল অংশগ্রহণ করছে। আগামী দিনগুলিতে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার বাকি ম্যাচগুলি।
উদ্যোক্তাদের আশা, এই লিগের মাধ্যমে কোচবিহারে ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়বে। পাশাপাশি স্থানীয় খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক ম্যাচে নিজেদের প্রতিভা তুলে ধরার আরও বেশি সুযোগ পাবেন। তরুণ প্রজন্মকে মোবাইলের গণ্ডি থেকে মাঠের দিকে ফেরাতেও এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

