কোচবিহার, ১৩ আগস্ট:
দেশের জনগণকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতে ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পালিত হচ্ছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে পালিত হচ্ছে এই কর্মসূচি।
বৃহস্পতিবার ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে বিশেষ উদ্যোগ নিল কোচবিহার ব্যবসায়ী সমিতি। এদিন সমিতির সদস্যরা বাজার ও সংলগ্ন এলাকায় ঘুরে ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দেন।
কর্মসূচির মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানানো হয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে।
উদ্যোক্তাদের আশা, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধের চেতনা আরও জোরদার হবে এবং জাতীয় পতাকার প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে।

