দিনহাটা, ১৫ সেপ্টেম্বর
দিনহাটার চাঞ্চল্যকর স্বামী-স্ত্রী জোড়া খুন কাণ্ডে তদন্তে এল নতুন মোড়। পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার খোদ মৃত দম্পতিরি ছেলেকে আদালতে হাজির করল দিনহাটা থানার পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে ঠিক কী রহস্য লুকিয়ে রয়েছে, তা জানতে এখন আদালতের পরবর্তী নির্দেশের দিকে তাকিয়ে তদন্তকারীরা।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে দিনহাটা থানার পুলিশ ধৃত মহাদেব রায়কে কড়া নিরাপত্তায় দিনহাটা মহকুমা আদালতে পেশ করে। এর আগে গত শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, দিনহাটা ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েত এলাকার পুরোনো হিমঘরের পাশের একটি বাড়ি থেকে সুকুমার বর্মন ও তাঁর স্ত্রী চম্পা রায়ের রক্তে ভেসে থাকা মৃতদেহ উদ্ধার হয়। এই লোমহর্ষক ঘটনার পরেই নিহতের একমাত্র ছেলে মহাদেব রায়কে গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশি হেফাজতে জেরা করে এই জোড়া খুনের আসল কারণ ও এর পেছনে অন্য কারও হাত রয়েছে কি না, সেই সমস্ত তথ্য বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।

