ডুয়ার্স, ১৪ মার্চ :
দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। যেকোনো দিন ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। আর বিধানসভা ভোটের আগে ডুয়ার্সের চা বলয়ে তৃণমূলের উন্নয়নমূলক কর্মযজ্ঞকে চা বাগান শ্রমিকদের কাছে পৌঁছে দিতে শুরু হল তৃণমূলের তপশিলির সংলাপ কর্মসূচী। এদিন সকালে ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাটিয়ালি ব্লকের জুরন্তী চা বাগানের নেওড়া লাইনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন শ্রমিকদের কাজের জায়গায় গিয়ে তৃণমূল সরকারের নানান উন্নয়ন মূলক প্রকল্পের কথা তুলে ধরেন তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি বিজেপিরও কড়া সমালোচনা করেন তৃণমূল নেতারা। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আবেদনও জানানো হয়। তৃণমূল কংগ্রেসের সরকারই শুধুমাত্র চা বাগান শ্রমিকদের উন্নয়নের জন্য কাজ করেছে বলে এদিন তৃণমূল নেতৃত্ব দাবি করেন। এদিনের এই কর্মসূচিতে বক্তব্য রাখেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তথা নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, সাধারণ সম্পাদক জোসেফ মুন্ডা, তৃণমূলের মেটেলি ব্লক সভানেত্রী স্নোমিতা কালান্দি সহ অনেকে।

