তুফানগঞ্জ, ২ এপ্রিল :
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কোচবিহার জেলায় রাজনীতির পারদ এখন তুঙ্গে। বৃহস্পতিবার তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট প্রার্থী— তুফানগঞ্জ ৯ নং বিধানসভা কেন্দ্রের শিবশঙ্কর পাল এবং নাটাবাড়ি কেন্দ্রের শৈলেন বর্মা।
মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শিবশঙ্কর পাল অত্যন্ত আবেগপূর্ণ ও আত্মবিশ্বাসী বক্তব্য রাখেন। তিনি বলেন, “আজকের এই জনসমুদ্রই প্রমাণ করে দিচ্ছে মানুষ কার সাথে আছে। এই ভিড়ই বিরোধীদের যোগ্য জবাব দিয়ে দিচ্ছে।”
শিবশঙ্কর পাল আরো জোর দিয়ে বলেন যে তিনি এই মাটির সন্তান। তিনি বলেন, “আমি তুফানগঞ্জের ঘরের ছেলে। এখানকার প্রতিটি পরিবার যেন আমাকে তাদের নিজের ঘরের বড় ভাই বা দাদা হিসেবে আশীর্বাদ করেন। আমি আজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
তিনি স্পষ্ট জানান, তাঁর লক্ষ্য কোনো বিতর্ক নয়, বরং তুফানগঞ্জের উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজগুলোকে পাথেয় করেই তিনি মানুষের দুয়ারে যাচ্ছেন।
বিরোধীদের কুরুচিকর মন্তব্যের জবাবে তিনি বলেন, “আমি কাউকে পাল্টা আক্রমণ করতে চাই না। বড়দের সম্মান জানাই। আমি শুধু সততার সাথে মানুষের জন্য কাজ করে যেতে চাই।”
নাটাবাড়ি কেন্দ্রের প্রার্থী শৈলেন বর্মাও এদিন জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার ওপর যে ভরসা রেখেছেন, নাটাবাড়ি আসনটি দিদিকে উপহার দিয়ে আমি তার মর্যাদা রাখব। তৃণমূল কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে।”
বৃহস্পতিবার সকালে তুফানগঞ্জ দোলমেলা ময়দান থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহর পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছালে সেখানে প্রার্থীরা তাঁদের প্রয়োজনীয় নথি নির্বাচনী আধিকারিকের কাছে জমা দেন। তুফানগঞ্জ ও নাটাবাড়ি— দুই কেন্দ্রেই এবার লড়াই বেশ আকর্ষণীয় হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

