আলিপুরদুয়ার, ২ অক্টোবর
বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘিনী পুনর্বাসন কর্মসূচিকে ঘিরে শুক্রবার রাজাভাতখাওয়া বক্সা গেটে পৌঁছয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়। বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে আনা বাঘিনীকে বক্সার জঙ্গলে উন্মুক্ত করার কর্মসূচির আগে সেখানে কিছু সময়ের জন্য দাঁড়ায় মুখ্যমন্ত্রীর কনভয়। বক্সায় বাঘিনী পুনঃপ্রবর্তনের কর্মসূচি শুক্রবারই শুরু হয়েছে বলে সরকারি সূত্রেও জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর আসার খবর পেয়ে আগে থেকেই রাজাভাতখাওয়া এলাকায় উপস্থিত ছিলেন বক্সা পাহাড় ও বনবস্তি এলাকার বাসিন্দারা। কনভয় থামতেই তাঁরা মুখ্যমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। নেপালি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী টুপি পরিয়ে এবং গলায় খাদা পরিয়ে তাঁকে বরণ করে নেন স্থানীয়রা।
জানা গিয়েছে, বক্সা ও জয়ন্তি এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় বাসিন্দারা এর আগে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী বিশাল লামার হাতে একটি ডেপুটেশন দিয়েছিলেন। সেই বিষয়গুলিই এবার মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরার আশা করছেন তাঁরা।
যদিও রাজাভাতখাওয়ায় খুব বেশি সময় দাঁড়াননি মুখ্যমন্ত্রী। তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এই সাক্ষাৎ ঘিরে তাঁদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এলাকার সমস্যাগুলি সমাধানে মুখ্যমন্ত্রী উদ্যোগ নেবেন—এমনটাই আশা করছেন বক্সা ও জয়ন্তির বাসিন্দারা।

