শিলিগুড়ি, ২৭ অক্টোবর
ফুলেশ্বরী ও শিবমন্দিরের রেলগেট বন্ধের পর এবার শিলিগুড়ির আরও দুটি গুরুত্বপূর্ণ রেলগেট বন্ধ করার উদ্যোগ নিল রেল। মহাবীরস্থান ও হকার্স কর্নার এলাকার পাশাপাশি থাকা দুটি রেলগেট বন্ধের বিষয়ে রেল বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশন।
তবে ঠিক কবে নাগাদ ওই দুটি রেলগেট বন্ধ করা হবে, তা এখনও স্পষ্ট নয়। রেল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই গেট দুটি বন্ধ করার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চলছিল। এবার রেল বোর্ডের নির্দেশ আসায় সেই প্রক্রিয়ায় গতি এসেছে।
প্রায় দুই দশক আগে মহাবীরস্থান এলাকায় যান চলাচল সহজ করতে তৈরি হয়েছিল উড়ালপুল। মহাবীরস্থান থেকে হাসমি চক পর্যন্ত উড়ালপুল চালু হওয়ার পরও টাউন স্টেশনের কাছে নীচে পাশাপাশি থাকা রেলগেট দুটি এতদিন চালু ছিল। ফলে উড়ালপুলের পাশাপাশি নিচের রাস্তাতেও যান চলাচলের সুযোগ ছিল।
রেল কর্তৃপক্ষের দাবি, রেলগেট দুটি পরিচালনার জন্য কর্মীদের বেতন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণে বিপুল অর্থ খরচ হয়। সেই আর্থিক বোঝা কমাতেই এবার গেট দুটি বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে রেলের এই সিদ্ধান্তের সম্ভাবনায় উদ্বেগে এলাকার ব্যবসায়ীরা। তাঁদের আশঙ্কা, রেলগেট দুটি বন্ধ হয়ে গেলে সংশ্লিষ্ট এলাকায় মানুষের যাতায়াত এবং যান চলাচলে পরিবর্তন আসতে পারে। তার প্রভাব পড়তে পারে ব্যবসাতেও। ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে বহু মানুষ জীবিকা সংকটে পড়তে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
মহাবীরস্থান থেকে হাসমি চক পর্যন্ত উড়ালপুল চালু হওয়ায় বর্তমানে যান চলাচল অনেকটাই সহজ হয়েছে। কিন্তু নিচের রেলগেট দুটি বন্ধ হয়ে গেলে এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় ব্যবসায় তার প্রভাব কতটা পড়ে, সেটাই এখন বড় প্রশ্ন। রেল কর্তৃপক্ষ কবে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করে, সেদিকেই নজর রয়েছে এলাকাবাসী ও ব্যবসায়ীদের।

