দিনহাটা, ২৯ অক্টোবর:
প্রধান নির্বাচন ঘিরে ফের অচলাবস্থা! নির্ধারিত দিনেও পেটলা গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন সম্পন্ন না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার দিনহাটা-গোসানিমারি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। অবিলম্বে প্রধান নির্বাচন সম্পন্ন করে জয়ন্ত বর্মনকে প্রধান করার দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ।
২৯ আসনবিশিষ্ট পেটলা গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের মৃত্যু হওয়ায় বর্তমানে সদস্য সংখ্যা ২৮। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের ২৩ জন এবং বিজেপির পাঁচজন সদস্য রয়েছেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের ১৩ জন পঞ্চায়েত সদস্য পদত্যাগ করেন বলে জানা গিয়েছে। এরপর একাধিকবার প্রধান নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হলেও বিভিন্ন কারণে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের প্রধান নির্বাচনের দিন ধার্য করে ব্লক প্রশাসন। নির্ধারিত সময়ে প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত হলেও নির্বাচন প্রক্রিয়া শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি। বিজেপির পাঁচজন পঞ্চায়েত সদস্যের মধ্যে চারজন উপস্থিত থাকলেও তপন বর্মন অনুপস্থিত ছিলেন। এর জেরেই প্রধান নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে জানা গিয়েছে।
এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রধান নির্বাচন না হওয়ার প্রতিবাদে দিনহাটা-গোসানিমারি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, বারবার নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে যাওয়ায় পঞ্চায়েতের প্রধান নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই বৃহস্পতিবারই নির্বাচন সম্পন্ন করে জয়ন্ত বর্মনকে প্রধান করতে হবে।
বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন করা হয়। প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হয় এবং কবে পেটলা গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন সম্পন্ন হবে, এখন সেদিকেই নজর রয়েছে।

