দিনহাটা ,২ নভেম্বর
আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন মোড়। পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হতেই ফের দিনহাটা আদালতে পেশ করা হল চার অভিযুক্তকে। শুনানি শেষে দু’জনকে আরও তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। অপর দু’জনকে পাঠানো হল জেল হেফাজতে। এই ঘটনাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে দিনহাটায়।
সোমবার দিনহাটা আদালতের এপিপি সঞ্জয় বর্মন জানান, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার হওয়া সাদ্দাম হোসেন খন্দকার, নুর হোসেন এবং ছানোয়ার হোসেনের পাঁচ দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হয়। এরপর দিনহাটা থানার পুলিশের তরফে তাঁদের আদালতে পেশ করা হয়। পাশাপাশি অসুস্থতার কারণে জেল হেফাজতে থাকা মইজউদ্দিন শেখকেও এদিন আদালতে পেশ করা হয়।
এদিন চার অভিযুক্তকেই আদালতে পেশ করে নতুন করে পুলিশি হেফাজতের আবেদন জানায় তদন্তকারী পুলিশ। মইজউদ্দিন শেখের ক্ষেত্রে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল। তবে তাঁর জামিনের আবেদন খারিজ করে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
অন্যদিকে, সাদ্দাম হোসেন খন্দকারের বিরুদ্ধে পুরনো একটি আগ্নেয়াস্ত্র মামলাতেও নতুন করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। সেই আবেদনও খারিজ করে বিচারক তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
অপর দুই অভিযুক্ত নুর হোসেন ও ছানোয়ার হোসেনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
সব মিলিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারের এই মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে নজর রয়েছে। বিশেষ করে পুরনো আগ্নেয়াস্ত্র মামলায় সাদ্দাম হোসেন খন্দকারকে ফের পুলিশি হেফাজতে নেওয়ার ঘটনায় তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।

