কোচবিহার, ৪ জানুয়ারী :
কোচবিহারের শুটকাবাড়ি নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিতীয় বাংলাদেশ মন্তব্যে তোলপাড় কোচবিহারের রাজনীতি। রবিবার এর প্রতিবাদে নিশীথ প্রামানিক এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল যুব তৃণমূল কংগ্রেস । এদিন যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সায়নদীপ গোস্বামী, শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক অনির্বান কর, সহ অন্যান্য নেতৃত্বরাকোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে। ।
শুক্রবার কোচবিহার পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে মিঠুন চক্রবর্তীর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে, নিশীথ প্রামানিক কোচবিহারের শুটকাবাড়ি অঞ্চলকে দ্বিতীয় বাংলাদেশ বলে মন্তব্য করেন । এছাড়াও বলেন, কিছুদিন পর সেখান থেকে দলে দলে লোক কোচবিহার শহরে ঢুকে সব ছারখার করে দেবে । এই মন্তব্যের পরেই নিশীথ প্রামানিকের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিধানসভা নির্বাচনের আগে উস্কানি মূলক মন্তব্য করে বিজেপি সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করছে।
এ বিষয়ে কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সায়নদীপ গোস্বামী বলেন, সুটকা বাড়ির মানুষ দীর্ঘকাল ধরে ভারতবর্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছে । নিশীথ প্রামানিকের এই মন্তব্যে তাদের ভাবাবেগে আঘাত লেগেছে । ফলে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার নামে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হলো ।

