শিলিগুড়ি, ২৩ এপ্রিল :
নির্বাচন কমিশনের গাফিলতিকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ভোট প্রক্রিয়ায়। প্রিসাইডিং অফিসার স্পষ্ট জানিয়ে দিলেন, নির্দিষ্ট প্রক্রিয়া সম্পূর্ণ করা সত্ত্বেও ভোট দিতে পারবেন না একাধিক নির্বাচনকর্মী। ঘটনাটি ঘটেছে ৪ নম্বর ওয়ার্ডের গভর্নমেন্ট স মিল অকশন ভোটকেন্দ্রে।
অভিযোগ, ভোটের দায়িত্বে থাকা বিএলওরা (বুথ লেভেল অফিসার) ট্রেনিং চলাকালীন ফর্ম ১২ পূরণ করেছিলেন, যা সাধারণত ডিউটিতে থাকা ভোটকর্মীদের ভোটাধিকার প্রয়োগের জন্য ব্যবহৃত হয়। কিন্তু বাস্তবে ভোটের দিন তাদের জানানো হয়, তারা ভোট দিতে পারবেন না।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ১১৭ নম্বর বুথের বিএলও সুব্রত সাহা সহ একাধিক বিএলও। তাদের বক্তব্য, নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম মেনেই ফর্ম জমা দেওয়া হলেও শেষ মুহূর্তে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া সম্পূর্ণ অযৌক্তিক।
ঘটনাকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা ছড়ায়। প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশনের তরফে সমন্বয়ের অভাব ও প্রশাসনিক গাফিলতির কারণেই কি এমন পরিস্থিতির সৃষ্টি হল? বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উচ্চতর কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি উঠেছে।
এই ঘটনায় ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়ল নির্বাচন কমিশন।

