কোচবিহার, ১০ জানুয়ারী :
কোচবিহার বিমানবন্দরের সাথে এখানকার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে । আমরা এই বিমান বন্দর বন্ধ হতে দেব না । শনিবার কোচবিহার বিমানবন্দর পরিদর্শনে গিয়ে এমনটাই বললেন রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য ।
উল্লেখ্য আগামী 31 শে জানুয়ারি থেকেই কোচবিহার টু কলকাতা রুটের বিমানটি বন্ধ হয়ে যাবে । ইতিমধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে চিঠি এসে পৌঁছেছে ওয়ান এয়ার ইন্ডিয়া নামক বিমান সংস্থার । বিষয়টি নিয়ে কোচবিহারের সাধারণ যাত্রীসহ ব্যবসায়িক মহল সকলেই হতাশ । পরিষেবাটি টিকিয়ে রাখার দাবি জানিয়েছে তারা । এই আবহে শনিবার কোচবিহার বিমানবন্দর পরিদর্শনে যান শমিক ভট্টাচার্য। তিনি বলেন, সরকার তিন বছরের জন্য এখানে বিমান পরিষেবা চালু করছিল । তার মেয়াদ শেষ হবে ৩১ শে জানুয়ারি । ভারত সরকার চায় কোচবিহারে বিমান পরিষেবা চালু থাকুক। তবে বড় প্লেন নামানোর কিছুটা সমস্যা রয়েছে। রানওয়ে বাড়ানোর চিন্তা ভাবনা করা হয়েছে । সেই বিষয়ে আমি এসে পরিদর্শন করলাম । ইতিমধ্যেই বিমানবন্দর সংস্থা বেশ কিছু বিমান সংস্থার সাথে যোগাযোগ করেছে। আমি আশা করছি ৩১ তারিখের পর থেকে বিমান চলাচল জারি থাকবে। হয়তো এক মাসের ফাঁকা সময় লাগতে পারে।
তিনি আরো বলেন, কেন্দ্র রাজ্যের উভয়ের সহযোগিতা প্রয়োজন রয়েছে । তবে এই ক্ষেত্রে রাজ্যের অসহযোগিতা রয়েছে ।

