দিনহাটা, ৩ ফেব্রুয়ারী :
মঙ্গলবার কোচবিহার জেলার দিনহাটা বিধানসভার ২ নং ব্লকের নাজিরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের সালমারা এলাকায় স্থানীয় বিনায়ক বর্মনের বাড়িতে দিনভর তল্লাশি চালালো ৬ সদস্যের কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। দিনভর তল্লাশি চালালেও বিনায়ক বা বাড়ির কোন পুরুষ সদস্যের দেখা না পেয়ে শেষ পর্যন্ত বাড়ির মহিলাদের হাতেই নোটিশ ধরিয়ে দিয়ে খালি হাতে ফিরতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যদের। তবে যে নোটিশটি তার বাড়িতে দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ আছে মুর্শিদাবাদের বহরমপুরে প্রায় ৮৫ কেজি গাঁজা সহ পাচারকারীদের একটি দল ধরা পড়ে আর সেই তদন্তে নাজিরহাটের এই যুবকের নাম উঠে আসে। আর সেই সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ দলটি তার বাড়িতে তল্লাশিতে আসে। যদিও তল্লাশিতে বিনায়কের বাড়ি থেকে গাঁজা বা নিষিদ্ধ কোনো রকম বস্তু উদ্ধার করতে পারেনি বলে দাবি করেছে তার বাড়ির সদস্যরা। অপরদিকে যে নোটিশটি দেওয়া হয়েছে সেই নোটিশটি উল্লেখ করে বিনায়ক বর্মনের স্ত্রী দাবি করেন সেখানে বিনায়ক বর্মনের নাম মিল থাকলেও যে ঠিকানা প্রিন্ট করে নিয়ে আসা হয়েছে সেই ঠিকানা আলিপুরদুয়ারের। তাদের বাড়িতে দাঁড়িয়েই নাকি তদন্তকারী সংস্থার লোকেরা কলম দিয়ে সেই ঠিকানা কেটে বিনায়ক বর্মনের বর্তমান নাজিরহাটের ঠিকানা বসিয়ে সেই চিঠি তাদেরকে ধরিয়ে দিয়ে যায় এবং সেই নোটিশের স্পষ্ট উল্লেখ রয়েছে বিধায়ক বর্মনকে আগামী ৯ তারিখে নারকটিক ডিপার্টমেন্টের অফিসে গিয়ে হাজিরা দিতে হবে।

