দিনহাটা, ৮ ফেব্রুয়ারী :
বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে উত্তেজনা কোচবিহার জেলার দিনহাটায়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার দিনহাটা থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় গোটা দিনহাটা শহর জুড়ে। বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের জমায়েত লক্ষ্য করা যায়।
এদিন দুপুরে যখন কোচবিহার থেকে বিজেপি নেতৃত্বরা দিনহাটার থানার উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময় ভেটাগুড়ি এলাকায় বিজেপির নেতৃত্বদের গাড়ির লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় তৃণমূলের পক্ষ থেকে। যদিও মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র ও দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ভেটাগরিতে মোতাহেন থাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরবর্তীতে দিনহাটা শহরে মিছিল করে দিনহাটা থানায় যায় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন, বিধায়িকা মালতি রাভা রায় সহ অন্যান্য নেতৃত্বরা।

