শিলিগুড়ি, ১৬ ফেব্রুয়ারী :
“ভাতা নয়, চাকরি চাই”—এই স্লোগানকে সামনে রেখে সোমবার বড়সড় কর্মসূচি নিল ভারতীয় জনতা যুব মোর্চা-র শিলিগুড়ি সাংগঠনিক জেলা নেতৃত্ব।এদিন প্রথমে ভেনাস মোড়ে “চাকরি চায় বাংলা” শীর্ষক একটি ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেন যুব মোর্চার কর্মী-সমর্থকেরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। নেতৃত্বের বক্তব্যে রাজ্যের ক্রমবর্ধমান বেকারত্বের চিত্র তুলে ধরা হয় এবং দ্রুত শিল্পায়ন ও স্থায়ী কর্মসংস্থানের দাবিতে রাজ্য সরকারের কাছে জোরালো আবেদন জানানো হয়।ক্যাম্প শেষে মিছিলের আকারে আন্দোলনকারীরা রওনা দেন শিলিগুড়ি পৌর নিগম-এর উদ্দেশে। হিলকার্ট রোড ধরে এগিয়ে যায় মিছিল। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।কর্পোরেশনের সামনে পৌঁছে রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। হাতে বিভিন্ন দাবিদাওয়া লেখা প্ল্যাকার্ড, মুখে একটাই স্লোগান—“ভাতা নয়, চাকরি চাই”। আন্দোলনকারীদের দাবি, রাজ্যের বহু শিক্ষিত যুবক-যুবতী কাজের অভাবে ভিনরাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন, অথচ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।যুব মোর্চা নেতৃত্ব জানিয়েছে, কর্মসংস্থানের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। প্রয়োজনে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচিরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

