শিলিগুড়ি, ২৬ জানুয়ারী :
রাম নবমী উপলক্ষে সম্ভাব্য ভিড় ও উৎসবকে ঘিরে শিলিগুড়ি শহরে বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ প্রশাসন। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে বৃহস্পতিবার শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় পরিদর্শনে নামেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা।
এদিন প্রধান নগর, দার্জিলিং মোড়, ঝংকার মোড়, মাটিগাড়ার ঠক্কর ব্রিজ, এনটিএস মোড় সহ ভক্তিনগর থানার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক এসিপি, বিভিন্ন থানার আইসি এবং ট্রাফিক বিভাগের আধিকারিকরা। পরিদর্শনের সময় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশ দেন কমিশনার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাম নবমী উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় ভিড় বাড়তে পারে। সেই কারণে আগাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য সব পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।
এই বিষয়ে পুলিশ কমিশনার বলেন, “উৎসবের দিনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগেই সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে রাম নবমী উদযাপন নিশ্চিত করা।”

