শিলিগুড়ি, ৫ মার্চ :
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিলিগুড়িতে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। সেই আবহেই বড়সড়ো সাফল্য পেল ভক্তিনগর থানার পুলিশ। দেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে শিলিগুড়ির পিসি মিত্তাল বাস টার্মিনাস এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুটি জিন্দা কার্তুজ উদ্ধার হয়। এরপরই তাকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানা-র পুলিশ। ধৃত যুবকের নাম তাপস রায়। তিনি ডিমডিমা বস্তির বাসিন্দা বলে জানা গিয়েছে। কেন তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল, সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নির্বাচনকে ঘিরে কোনও বড়সড়ো ছক ছিল কিনা, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তার রিমান্ড চেয়ে আবেদন জানাবে বলে সূত্রের খবর। কোথা থেকে অস্ত্র এল, কারা জড়িত—সব দিকেই নজর দিচ্ছে তদন্তকারী দল। ভোটের আগে শিলিগুড়িতে এই ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। তবে পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত এবং কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বরদাস্ত করা হবে না।

