দিনহাটা, ১৭ মার্চ :
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জনসংযোগ আরও জোরদার করতে ‘তপশিলি সংলাপ’ কর্মসূচি শুরু করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নার এলাকা থেকে এই কর্মসূচির সূচনা করেন তৃণমূল নেতা তথা মন্ত্রী উদয়ন গুহ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা শহর ব্লক তৃণমূলের সভাপতি বিশু ধর, এসটি ও ওবিসি সেলের দিনহাটা শহর ব্লক সভাপতি হীরালাল দাস-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গিয়েছে, দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই কর্মসূচি আয়োজিত হবে। একটি চারচাকা গাড়িতে করে দলীয় নেতারা গ্রামে গ্রামে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন। পাশাপাশি মানুষের অভাব-অভিযোগও শোনা হবে এই কর্মসূচির মাধ্যমে।

