মাথাভাঙ্গা, ২২ মার্চ :
বাইকে করে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় আহত হলেন চার জন। আর সেই আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হরিহর দাস। জানা গেছে পথ দুর্ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যা নাগাদ মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট এলাকায়।
স্থানীয় সূত্রে খবর একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নয়ারহাট এলাকায় বাইকে থাকা দুই পুরুষ এক মহিলা ও এক শিশু সমেত চারজন উল্টে যায়। যার ফলে চারজনই গুরুতর আহত হন।
এরপর তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদিন তৃণমূলের শীতলখুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হরিহর দাস বলেন তিনি নয়ারহাট থেকে প্রচার সেরে যখন ফিরছিলেন সেই সময় রাস্তায় বাইক দুর্ঘটনায় আহত হন চারজন। এরপর তড়িঘড়ি তিনি তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশও।

