শিলিগুড়ি, ৩ এপ্রিল :
‘ঝুকেগা নেহি’—বলিউডি সংলাপের ঢঙে দাপট দেখিয়েও শেষরক্ষা হল না। শিলিগুড়ির শান্তিপাড়া এলাকার বাসিন্দা কার্তিক রায়কে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্তিককে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এগুলি বিক্রির উদ্দেশ্যেই সে নিয়ে এসেছিল।
পুলিশের দাবি, কার্তিক রায়ের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে। চুরি ও পরিকল্পিত ডাকাতির মতো গুরুতর মামলায় তার নাম জড়িয়েছে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা নথিভুক্ত রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একসময় টোটো চালক হলেও ধীরে ধীরে অপরাধ জগতে জড়িয়ে পড়ে কার্তিক। তার দাপটে দীর্ঘদিন ধরেই আতঙ্কে ছিলেন শান্তিপাড়ার বাসিন্দারা।
গ্রেপ্তারের পর থানায় আনা হলে, ‘পুষ্পা’ ছবির সংলাপের অনুকরণে ‘ঝুকেগা নেহি—ডাইরেক্ট চলেগা’ ধরনের আচরণ করতে দেখা যায় তাকে, এমনটাই দাবি পুলিশের একাংশের। তবে সেই দাপট আইনের সামনে টেকেনি।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের উৎস এবং কার কাছে তা বিক্রির পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
কার্তিক রায়ের গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। তবে পুরো চক্রের হদিশ পেতে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ।

