শিলিগুড়ি, ৪ এপ্রিল :
পুরনো বিবাদের জেরে ভাঙা কাঁচের বোতল দিয়ে এক যুবককে আঘাত করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির ৩৪ নম্বর ওয়ার্ডের শহীদ কলোনি এলাকায়। আহত যুবকের নাম বিদ্যুৎ দে, তিনি স্থানীয় বাসিন্দা।
পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক তিলশঙ্কর মুখিয়ে দীর্ঘদিন ধরেই বিনা কারণে তাদের বাড়ির মহিলাদের উদ্দেশে কটূক্তি করে আসছিল। শুক্রবার সকাল থেকেই ফের কটূক্তি শুরু করে অভিযুক্ত। সন্ধ্যায় কাজ থেকে ফিরে বিদ্যুৎ দে প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় তিলশঙ্কর একটি কাঁচের বোতল ভেঙে বিদ্যুতের উপর হামলা চালায়।
গুরুতর জখম অবস্থায় বিদ্যুৎ দে-কে দ্রুত একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত যুবকের স্ত্রী ও মা জানান, এর আগেও অভিযুক্ত একাধিকবার তাদের ওপর হামলার চেষ্টা করেছে এবং গোটা পাড়ার মানুষ তাকে ভয় পান। বিদ্যুতের মায়ের অভিযোগ, আগেও পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও তিলশঙ্কর ছাড়া পেয়ে যায়।
এই ঘটনার পর বিদ্যুতের পরিবার সঠিক তদন্ত ও অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

